আবহাওয়া অনুকূলে আসলে শুরু হবে ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডে বাংলাদেশের পর্বতারোহী মুসা ইব্রাহীমের উদ্ধার অভিযান। সেখানকার আবহাওয়া ভালো না থাকায় এখনো উদ্ধার অভিযান শুরু করা যায়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘মুসাদের কাছে খাবার আছে। এখন তাদের উদ্ধারের জন্য শুধু ভালো আবহাওয়ার অপেক্ষা করা হচ্ছে।’
ওশেনিয়ার সর্বোচ্চ পর্বত মাউন্ট কার্সটেঞ্জ পিরামিডে দুই ভারতীয় আরোহীসহ আটকা পড়েন বাংলাদেশের পর্বোতারোহী মুসা ইব্রাহীম। এরপর রোববার সকাল পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
মুসা ইব্রাহীমের বোন নূর আয়েশা ফেসবুকে লিখেছেন, ‘যখন হেলিকপ্টার সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তখন আবহাওয়া ভালো ছিলো। কিন্তু তিমিকা এয়ারপোর্টে পারমিশন পেতে আরো চার ঘণ্টা চলে যায়। তখন আকাশে আবার মেঘ জড়ো হয়ে যায়। ফলে উদ্ধার অভিযান শুরু হলেও, আক্রান্তদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তখন তাদের উদ্ধার না করেই হেলিকপ্টারটিকে ফেরত আসতে হয়। আবহাওয়া ভালো থাকলে আবারও তাদের উদ্ধারে শুরু হবে অভিযান।
মুসা ইব্রাহীমের সঙ্গে আটকা পড়েছেন ভারতের দুই পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ও নন্দিতা। তাদেরও উদ্ধার করা যায়নি। সত্যরুপের স্যাটেলাইটের মাধ্যমে সবশেষ বার্তাটি এসেছে তাদের উদ্ধারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজের সহযোগিতা চেয়ে।
বার্তায় বলা হয়েছে, পাপুয়া নিউগিনির তিমিকা এয়ারপোর্টের অনুমতি পেতে ইতোমধ্যে চার ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তাদের যেন দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়।
বাংলাদেশি সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি তার ফেসবুকে লিখেছেন, ‘‘জানা গেছে, সত্যরুপের স্যাটেলাইটের চার্জও শেষ হয়ে এসেছে। যেকোন সময় তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শনিবার মুসা ও তার পর্বতারোহী সঙ্গীদের খাবার শেষ হয়ে গিয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সেখানে খাবার পাঠানো যাচ্ছে না বলে জানা গেছে। গত বৃহস্পতিবারের ‘ফুড রিজার্ভ লো’ বলে বার্তা পাঠালেও এখনো খাবার পৌঁছেনি।’’
প্রথম বাংলাদেশি হিসেবে মুসা ইব্রাহীম ২০১০ সালের ২৩ মে এভারেস্ট জয় করেন। এরপর ২০১১ সালের ১৩ সেপ্টেম্বর আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারোর চূড়া জয় করেন তিনি। তার সঙ্গী ছিলেন নিয়াজ মোরশেদ পাটওয়ারী ও এমএ সাত্তার।
২০১৩ সালের ২৬ জুন ইউরোপের সর্বোচ্চ (১৮ হাজার ৫১০ ফুট) পর্বত মাউন্ট এলব্রুস, ২০১৪ সালের ২৩ জুন উত্তর আমেরিকার সর্বোচ্চ (২০ হাজার ৩২০ ফুট) পর্বত মাউন্ট ডেনালি জয় করেন।







