যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বর্ণবাদ, ফ্যাসিবাদ এবং ডানপন্থা বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গদের হামলার ঘটনায় ট্রাম্পের নমনীয় বক্তব্যের কয়েকটি ব্যবসা কাউন্সিলের প্রধান নির্বাহী পদত্যাগ করায় দুটি কাউন্সিল বিলুপ্ত ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে ‘হোয়াইট হাউজ ম্যানুফ্যাকচারিং কাউন্সিল’ এবং ‘স্ট্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম’ এর সদস্যদের সঙ্গে আয়োজিত এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।
বিবিসি জানায়, গত ১২ আগস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বর্ণবাদ বিরোধী মিছিলে কট্টর শ্বেতাঙ্গ সমর্থকদের হামলার ঘটনায় ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়ার জেরে দেশের ভেতরে ও বাইরে সমালোচিত হন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এই ঘটনায় মঙ্গলবার ‘হোয়াইট হাউজ ম্যানুফ্যাকচারিং কাউন্সিল’ থেকে ইনটেল, মেরক অ্যান্ড কো ফার্মা এবং আন্ডার আর্মার- কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেন।
এর ধারাবাহিকতায় উপদেষ্টা কাউন্সিল থেকে গণহারে পদত্যাগ করতে শুরু করলে দু’টো উপদেষ্টা পরিষদই বিলুপ্ত ঘোষণা করেন তিনি। বুধবার পদত্যাগকারীদের মধ্যে থ্রিএম, ক্যাম্পবেল স্যুপ, জনসন অ্যান্ড জনসন এবং ইউনাইটেড টেকনোলজিস-এর প্রধানরাও রয়েছেন।
এ বিষয়ে ট্রাম্প বলেন, এসব ফোরামের সদস্যরা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করার চেয়ে ভালো আমি দু’টো কাউন্সিলই বন্ধ করে দিচ্ছি। তবে তার এই সিদ্ধান্তের আগেই বিষয়টিকে ট্রাম্প ও কাউন্সিল সদস্যদের মিলিত সিদ্ধান্ত বলে দাবি করেছে স্ট্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম।
১২ আগস্ট শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের ডাকা ‘ইউনিয়ন দ্য রাইট’ নামের এক সমাবেশকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে। কট্টর শ্বেতাঙ্গ জাতীয়তাবাদের সমর্থকদের সঙ্গে এই মতবাদের বিরোধীদের সংঘর্ষ হয়। পরে বর্ণবাদী এক সমর্থকের গাড়ি হামলায় অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন।
সেই গাড়ির চালক জেমস ফিল্ডসকে (২০) ক্ষতি করার উদ্দেশ্যে অপরিকল্পিত হামলা বা ‘সেকেন্ড ডিগ্রি মার্ডার’-এর অভিযোগে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।
সহিংসতা ছড়িয়ে পরার পর এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, এই ঘটনা বহুপক্ষের ঘৃণা, ধর্মান্ধতা আর সহিংসতার বহিঃপ্রকাশ। পাশাপাশি বিভাজন আর বিদ্বেষ বন্ধের আহ্বানও জানান তিনি।







