বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থলনিম্নচাপে পরিণত হলেও ভারতের বিহার এলাকায় সেটি সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করায় সারাদেশেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। বুধবারও এই ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সারাদেশে ভারী বর্ষণের সম্ভবনা থাকলেও ঢাকাতে দুপুর পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
জুন থেকে সেপ্টেম্বর বর্ষাকাল। সেই হিসেবে জুলাই মাসে ভারী বর্ষণ অস্বাভাবিক নয়। যদিও চলতি বছর জুন মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।
গত ২৬ জুন বঙ্গোপসাগরে লঘুচাপের তৈরি হলে চলতি মাসের শুরু থেকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশিই বৃষ্টির দেখা মিলেছে। আগামী দুই দিন এই ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অফিসের।
গত সোমবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্থলভাগে উঠে এসে স্থলনিম্নচাপে পরিণত হয়। এর ফলে বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয়।
সোমবার বিহার অঞ্চলে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হলে সারাদেশেই ভারী বর্ষণ শুরু হয়। তবে ভারী বর্ষণ ও অমাবস্যার কারণে দক্ষিণের চর ও দ্বীপসমূহে ২-৩ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার পূর্বাভাস রয়েছে।
দেশের চারটি সমুদ্র বন্দরে জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দক্ষিণ অঞ্চলের নদী বন্দরের জন্য দুই নম্বর নৌ হুঁশিয়ারী বহাল রেখেছে আবহাওয়া অফিস।
চলতি মাসে বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরি হলে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবারো ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।








