ভারত-চীন সীমান্তের পূর্ব লাদাখে প্যাংগং লেকের উপর দিয়ে আবারও সেতু নির্মাণ করছে চীন। হিন্দুস্থান টাইম তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন: বিষয়টি নিয়ে তারা অবগত রয়েছেন। তবে এটি দ্বিতীয় কোনও সেতু, নাকি এটি আগের সেতুর সম্প্রসারিত অংশ তা ঠিক পরিষ্কার নয়। তবে সামরিক পরিপ্রেক্ষিত থেকে তিনি কিছু বলতে চাননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, একটা সেতুর ব্যাপারে খবর পেয়েছি। অথবা দ্বিতীয় সেতুও হতে পারে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। চীনের সঙ্গেও কথা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী গত মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন। সেই প্রসঙ্গও উল্লেখ করেন তিনি। এদিকে প্যাংগং লেকের উপর চীন সেতু তৈরি করছে বলে খবর মিলেছে। সেই সেতু দিয়ে অস্ত্রবাহী ভারী গাড়ি চলাচল করতে পারে।
এদিকে ভারতের তরফে সন্দেহ করা হচ্ছে সম্ভবত অপর একটি সেতু তৈরি করা হচ্ছে প্যাংগং লেকের উপর। মনে করা হচ্ছে প্রথম সেতুর সমান্তরালে আরও একটি সরু সেতু তৈরি হয়েছে। গত এপ্রিলের এই সেতুর কাজ অনেকটাই নাকি শেষ হয়ে গিয়েছে। স্যাটেলাইট ইমেজে বোঝা যাচ্ছে এলাকায় ক্রেনের আগাগোনা বোঝা যাচ্ছে।








