বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া ১১ নারীকে উদ্ধার করে ৮জনকে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদেরও পরিবারের হাতে তুলে দেয়া হবে।
কেউ ভালো কাজ পাওয়ার আশায় আবার কেউবা প্রেমের ফাঁদে পড়ে ভারতে পাচার হয়েছিলেন। এ দেশীয় দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। ভারতীয় পাচারকারীরা তাদের সেখান থেকে নিয়ে যায়। পরে তাদের যৌনপল্লী এবং বিভিন্ন হোটেলে শ্রমদাস হিসেবে বিক্রি করে দেয় তারা।
ভারত থেকে সম্প্রতি উদ্ধার এমন ১১ নারীকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পাচারবিরোধী সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি।
পাচারকারীদের শনাক্ত করতে উদ্ধার নারীরা মামলা করতে চাইলে তাদের আইনি সহায়তাও দেবে এই সংস্থা।







