এবার মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতজুড়ে চালু করতে যাচ্ছে খুচরা পণ্য বিক্রির চেইন শপ ৭-ইলেভেন। বিশ্বের শীর্ষ ধনী এই ব্যক্তির সংস্থাটি থেকে জানানো হয়েছে, শনিবার মুম্বাইয়ে চালু হবে এর প্রথম দোকান।
বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, ভারতীয় খুচরা বিক্রেতা ফিউচার গ্রুপ মার্কিন চেইন শপটির সঙ্গে ফ্রাঞ্চাইজি চুক্তি বাতিলের কয়েক দিনের মাথায় ওই দোকান চালুর ঘোষণা দিল মুকেশ আম্বানির কোম্পানি। টেক্সাস ভিত্তিক ৭-ইলেভেন চেইনের বিশ্বের ১৮টি দেশে ৭৭ হাজারের বেশি দোকান আছে।
রিলায়েন্স রিটেইল এক বিবৃতিতে জানিয়েছে, গুরুত্বপূর্ণ পাড়া এবং বাণিজ্যিক এলাকাগুলোতে দ্রুত চালু হবে ৭-ইলেভেন দোকান। মুম্বাই দিয়ে এর যাত্রা কেবল শুরু।
ভারতে ৭-ইলেভেন দোকান চালু করতে ২০১৯ সালে ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি সাক্ষর হয়। তবে প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে দোকান চালু করতে ব্যর্থ হওয়ায় এবং ফ্রাঞ্চাইজি ফি পরিশোধে ব্যর্থ হওয়ায় এই মাসে চুক্তিটি বাতিল হয়ে যায়।
বার্ষিক দুই হাজার একশ’ কোটি মার্কিন ডলার নিয়ে রিলায়েন্স রিটেইল ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান।
মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। পেট্রোকেমিক্যাল, তেল, গ্যাস, টেলিকম এবং খুচরা বিক্রি নানা খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে।
ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী আম্বানির সম্পদের পরিমাণ ৯ হাজার নয়শ’ কোটি ডলার।








