ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে বোরকা পরা মুসলিম নারীদের মারধরের একটি ভিডিও প্রকাশ পেয়েছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার এবং পুলিশের সমালোচনা করা হয়। পুলিশ জানায় তারা ভিডিওটি তদন্ত করছে।
গত রোববারের ঘটনা নিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।
সেখানে পুলিশ বলেছে, তারা জানতে পেরেছে প্রায় ১৫ জন মুসলিম মহিলা অনুমতি ছাড়াই গাজিয়াবাদের সানি বাজার রোডে সরকারবিরোধী পোস্টার নিয়ে জড়ো হয়েছিল। পুলিশের একটি দল সেখানে পৌঁছলে মহিলারা স্লোগান দিতে শুরু করে।
যে মহিলা কনস্টেবলরা বিক্ষোভকারীদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছিল, উল্টো তারাই বিক্ষোভকারীদের ভেতর কিছু পুরুষের গালিগালাজ শুনতে থাকে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে৷ বোরকা পরা এক মহিলাকে একজন পুলিশ সদস্য লাঠি দিয়ে আঘাত করতে গেলে তিনি বাধা দেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনের নাম রইস। সে কনস্টেবলদের গালিগালাজের পাশাপাশি হুমকিও দিয়েছিল।
গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ঘটনাটি রোববারের।আমাদের দল যখন টহল দিচ্ছিল, তারা ১৫ জন নারীর বিক্ষোভ সম্পর্কে জানতে পারে।পরে তারা সেখানে যায় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। যে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেটার তদন্ত চলছে।








