গতমাসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার জশ দয়ালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। গাজিয়াবাদের এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ তোলেন তার বিরুদ্ধে। সেই অভিযোগে এবার দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে গাজিয়াবাদ পুলিশ।
অভিযোগকারী নারীর তথ্যমতে, দয়াল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এজন্য পুত্রবধূ হিসেবে পরিবারের সাথে পরিচয়ও করিয়ে দেন। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগে জানান।
অভিযোগ পত্রে ওই নারী লিখেছেন, ‘গত পাঁচবছর ধরে সে আমাকে ভিন্নপথে পরিচালনা করেছে এবং বারবার বিয়ের মিথ্যা আশ্বাস দিয়েছে। আবেগতাড়িত বিশ্বাসে ভর করে সে আমাকে মানসিক, শারীরিক শোষণ করেছে।’
এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনলাইন পোর্টাল আইজিআরএসে অভিযোগ দেন সেই নারী। মুখ্যমন্ত্রীর অফিস থেকে উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশকে তদন্তভার দেয়া হয়েছিল।
দয়াল ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপাজয়ী দলের সদস্য। তিনি ১৫ ম্যাচে ১৩ উইকেট নেন। ২৭ বর্ষী পেসার ২০২২ চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের দলেও ছিলেন।








