ভারতের ঝাড়খণ্ডে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২৬ জন।
ঝাড়খণ্ডের পাকুর জেলায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৪০ জন যাত্রী সাহিবগঞ্জের বারহাওরা এলাকা থেকে দেওঘর জেলার জাসিদিহ যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
তবে দুর্ঘটনার পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর বেশকিছু লোক বাসে আটকা পড়ে। পরে তাদের বিধ্বস্ত বাস থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পাকুর জেলার সিভিল সার্জন ১৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।







