নিজে ছুটছেন দুরন্ত গতিতে। সঙ্গে টেনে নিচ্ছেন ভারতকে। তারই শেষ উদাহরণ অস্ট্রেলিয়া সিরিজ। দুই ম্যাচ হাতে রেখে ৩-০তে সিরিজ জিতে বিরাট কোহলি তার দলকে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বরে তুলেছেন। সেই সঙ্গে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি রেকর্ড স্পর্শ করেছেন।
শনিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা ৯ ম্যাচে জয় পেল কোহলির দল। ভারতের টানা জয়ের দিক থেকে যৌথভাবে শীর্ষে এই রেকর্ড। ২০০৮ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ধোনি টিম ইন্ডিয়াকে টানা ৯ ম্যাচে জিতিয়েছিলেন। ২০০৬ সালে এই কীর্তি গড়েছিলেন রাহুল দ্রাবিড়।
র্যাঙ্কিংয়ে ভারত শীর্ষস্থান দখল করেছে সাউথ আফ্রিকাকে হটিয়ে। অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে। ইংল্যান্ড চারে, পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে পাকিস্তান, বাংলাদেশ সাতে, আট নম্বরে শ্রীলঙ্কা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগ পর্যন্ত ছয় নম্বরে ছিল বাংলাদেশ। পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ায় একধাপ নেমে যেতে হয় মাশরাফীর দলকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে কোহলি আরেকটি রেকর্ড গড়েছেন। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে দলটির বিপক্ষে কোনও দ্বিপাক্ষিক সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে জেতালেন।








