স্পোর্টস

‘বড় মোটিভেশন আমার বউ’

বাংলাদেশি ক্রিকেটার ও দম্পতির ছবি, খেলাধুলা ও পারিবারিক জীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম পাশে ক্রিকেটার, ডান পাশে দম্পতি, খেলাধুলা ও পারিবারিক জীবন ফুটে উঠেছে. Channel i News – চ্যানেল আই নিউজ

স্ত্রী শিশিরই সাকিবের কাছে সবচেয়ে বড় মোটিভেশন। তার কাছ থেকেই খুঁজে পান অনুপ্রেরণা। অস্ট্রেলিয়াকে হারিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাকিব।

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা গেছে অন্য এক সাকিবকে। বল হাতে এতটা আক্রমণাত্মক খুব কমই দেখা যায় এ বাঁহাতি স্পিনারকে। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। ম্যাচটা জিততে নিজের সর্বোচ্চ নিংড়ে দিয়েছেন ২২ গজে। তার হাত ধরেই বাংলাদেশ পেয়েছে অবিস্মরণীয় এক জয়। সারা বছর ক্রিকেট নিয়ে থাকা সাকিব দেশের হয়ে এতটা ভাল করার উৎসাহ-উদ্দীপনা কোথা থেকে পান?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রহস্য জানালেন সাকিব, ‘সবচেয়ে বড় মোটিভেশন আমার বউ, এসব (কঠিন পরিস্থিতিতে) সময় উৎসাহ দেয়। এখনই মেসেজ করল, আমি এখন ঘুমাতে পারি।’

চতুর্থ দিন অস্ট্রেলিয়ার আট উইকেট ফেলতে পারলেই বাংলাদেশের জয় নিশ্চিত। আবার অন্যদিকে তাকালে ১৫৬ রান করাও যে খুব দূরের কথা নয়। কীভাবে ম্যাচটা জেতা যায় এসব ভেবে রাতে ঘুমাতেই পারছিলেন না সাকিব। বারবারই মনে হচ্ছিল ম্যাচটা মনে হয় হাতে নেই। তখন শিশিরই ভিন্ন এক মনছবি দেখিয়েছেন সাকিবকে। শিশির বলছিল, ‘তুমি পাঁচ উইকেট পেলেই তো হয়ে যায়!’

সত্যি সত্যি দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট তুলে নেন সাকিব। ম্যাচ শেষে তাই এসব কথা এড়িয়ে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার।

‘আমি প্রেজেন্টেশনে বলছিলাম, মনে হয়েছে চান্স খুব একটা নেই। ও (শিশির) বলেছে, তুমি পারবা। আমি জানি, তুমি পাঁচ উইকেট পেলেই হয়ে যাবে। আমি রাতে ঘুমানোর সময় চিন্তা করলাম, আসলেই তো। আমি পাঁচ উইকেট পেলেই তো দলের সুযোগ থাকবে। ওপাশ থেকে আরেক জন দুই উইকেট নিলেই তো সাত-আট উইকেট পড়ে যাবে। এই বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ।’

সাকিব মনে করেন এই বিশ্বাসটাই বাংলাদেশকে এক ধাপ সামনে এগিয়ে দিচ্ছে।

গত বছরের অক্টোবরের এই মাঠেই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ইংলিশ ওপেনারদের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটা ছিটকে যাচ্ছিল অনেকটা। শেষ পর্যন্ত ১০৮ রানের বড় ব্যবধানেই ম্যাচটা জিতে যায় বাংলাদেশ। ওই জয়ের পর দলের মাঝে বিশ্বাস ছড়িয়েছে। ওই বিশ্বাস এই জয়ের নেপথ্যে কাজ করেছে বলেও জানান সাকিব।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…