ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সিটি মেট্রো স্টেশনে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট
(আইএস)। আইএস সম্পর্কিত আমাক এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে ওই হামলার দায়
স্বীকার করে আইএস।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরের বর্হিগমন এলাকায় পরপর দুটি এবং মেট্রো স্টেশনে অপর একটি বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদের মধ্যে ১৪ জন বিমানবন্দরে এবং ২০ জন মেট্রো স্টেশনের বিস্ফোরণে মারা যায়। এই ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি।
প্যারিস হত্যাকাণ্ডের অন্যতম আসামী সালাহ আবদেসলাম ব্রাসেলসে গ্রেফতারের (শুক্রবার) চারদিন পর এই বিস্ফোরণ ঘটলো।
বেলজিয়াম নিউজ এজেন্সি জানায়, বোমা বিস্ফোরণের সময় গুলির শব্দও শোনা যায় এবং তখন কেউ একজন আরবিতে চিৎকার করছিল। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন এটি আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেছেন, “এটা আমাদের দেশের জন্য একটি অন্ধকার সময়”।
হামলাটিকে “অন্ধ, সহিংস এবং কাপুরুষোচিত” বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ইতিহাসে এটি একটি মর্মান্তিক মুহুর্ত। আমি সবাইকে শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।’







