ব্রাসেলসে বিমানবন্দর ও একটি মেট্রোরেলে ভয়াবহ জঙ্গি হামলার পর সতর্কতা হিসেবে বেলজিয়ামের সঙ্গে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইউরোপ। মঙ্গলবার এ হামলার পরপর তাৎক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন দেশে সতর্কতা জারি করা হয়।
বেলজিয়ামের প্রতিবেশী ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসসহ ইউরোপ ও আমেরিকায় সতর্কতা জারি করা হয়েছে। ব্রিটেন তার বিমানবন্দর, সীমান্তসহ স্পর্শকাতর স্থাপনায় নিরাপত্তা সতর্কতা জারি করেছে। নিরাপত্তা জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পরই একটি মেট্রোরেল স্টেশনেও বোমা হামলা হয়। এ দুই ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
হামলার পর পরই বিমানবন্দর, মেট্রোরেল, বাস, ট্রাম এবং প্রধান প্রধান রেলস্টেশনসহ অচল হয়ে পড়ে গোটা রাজধানী। জারি করা হয় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদর দপ্তরও এ শহরেই অবস্থিত হওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
হামলার পর ইউরোপের বিভিন্ন দেশ, নিউইয়র্ক, ডাকারসহ বিভিন্ন বিমানবন্দর থেকে আসার কথা রয়েছে এমন অন্তত ৪০০ ফ্লাইট স্থগিত করা হয়েছে।
বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি বেলজিয়ামের ট্রেন সংস্থা ইউরোস্টার জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকা থেকে ব্রাসেলসমুখী সব ট্রেন বাতিল করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত চৌকি, বিমানবন্দর, সমুদ্র ও নদীবন্দর এবং ট্রেন স্টেশনে অতিরিক্ত ১৬শ’ পুলিশ মোতায়েন করেছে ফ্রান্স। এ তথ্য জানানোর পাশাপাশি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সেজেনেভ ইউরোপকে একজোট হয়ে আরও শক্তিশালীভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে নামার আহ্বান জানান।
ব্রিটেনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর এক বিবৃতিতে জানায়, ব্রাসেলসের ভয়াবহ হামলার কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে সেনা সদস্য।
প্রতিবেশী জার্মানি, নেদারল্যান্ডসও নিজেদের সীমান্ত, বিমানবন্দর, প্রধান প্রধান রেল ও বাস স্টেশনে নিরাপত্তা জোরদার করেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও রাজধানী ওয়াশিংটন ডিসিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্রাসেলসে হামলার পর দুই শহরের জনাকীর্ণ এলাকাসহ বিভিন্ন ট্রেন স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
শুধু ইউরোপ নয়, ব্রাসেলস হামলার পর নিরাপত্তা জােরদার করা হয়েছে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, চীন, জাপানে। বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।






