বিশ্বকাপ দলে দুর্দান্ত সব স্ট্রাইকার ও মিডফিল্ডার থাকলেও ব্রাজিল দলের পার্থক্য গড়ছেন কাসেমিরো। এমনটাই দাবি দেশটির সাবেক কোচ লুইস ফিলিপ স্কলারি।
সবশেষ ২০০২ সালে ব্রাজিলের যে দলটি বিশ্বকাপ জিতেছিল সেই দলের কোচ ছিলেন স্কলারি। আবার ২০১৪ সালে ঘরের মাঠে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ বিপর্যয়ের সময় দায়িত্বে ছিলেন তিনি। সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতা তার।
রাশিয়া বিশ্বকাপ দলের ২৩ সদস্যের মধ্য ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে মনে ধরেছে স্কলারির, ‘ব্রাজিলের এই দলে যারা আছেন, তাদের মধ্য পার্থক্য গড়ছেন কাসেমিরো। তিনি দলে যেমন ভারসাম্য এনেছেন, তেমনি মার্সেলো, নেইমারসহ আক্রমণভাগের অন্যদের বেশি স্বাধীনভাবে খেলার সুযোগ দিচ্ছেন। ’
কোচিং ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের হয়েও দারুণ সময় কাটিয়েছেন স্কলারি। এবারের বিশ্বকাপে পর্তুগিজদের কাছ থেকে কী আশা করছেন? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘পর্তুগাল এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। ক্রিস্টিয়ানো রোনালদো দলটির অংশ। কোচ স্যান্টোসও ভালো কাজ করছেন। তবে রোনালদো একা কিছু করতে পারবে না। কারণ বিশ্বকাপে সম্মিলিতভাবে কাজ করতে হয়। পর্তুগাল সহজেই নকআউটপর্বে উঠবে, কিন্তু তারপর থেকেই তাদের কঠিন পরীক্ষা শুরু।’







