বর্তমান কোচ টিটের অধীনে আক্রমণাত্মক ফুটবলের সৌন্দর্য হারিয়েছে ব্রাজিল। এমনটা বলছেন দেশটির কিংবদন্তি সাবেক ডিফেন্ডার রবার্তো কার্লোস। আক্রমণে স্বকীয়তা হারালেও রক্ষণে দুর্দান্ত হয়েছে বলে টিটের প্রশংসাও করেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী এ লেফটব্যাক।
রোনাল্ডো, রিভালদোদের নিয়ে গড়া ২০০২ সালের ব্রাজিল দল ছিল আক্রমণাত্মক ফুটবলের ট্রেডমার্ক। সেই বছরই নিজেদের পঞ্চম বিশ্বকাপ ঘরে তোলে সেলেসাওরা। পরে দীর্ঘ ১৬ বছর বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি ব্রাজিলের।
গত বিশ্বকাপে ঘরের মাটিতে জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার শোক কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে অন্যতম ফেভারিট টিটের ব্রাজিল। বাছাইপর্বে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে নেইমারের দল।
কিন্তু টিটে আক্রমণ ঘরানা পাল্টে রক্ষণাত্মক খেলছেন দাবি কার্লোসের। মস্কোতে সংবাদ মাধ্যমের সামনে অবশ্য রক্ষণাত্মক ফুটবলের প্রশংসাও করেছেন এ কিংবদন্তি।
‘আমরা ব্রাজিলিয়ান আক্রমণের সৌন্দর্য হারিয়েছি। তবে আমাদের রক্ষণ বেশ গোছানো। তবে আমি আশাবাদী আমরা আবারও শিরোপা জিতবো। ২০০২ সালের পর আমাদের আর শিরোপা জেতা হয়নি। এবার ব্রাজিলের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ।’








