রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারানোর পর শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ। সেলেসাওদের হারানো ‘বিশেষ’ কিছু বলেই মন্তব্য ‘কালো ঘোড়া’দের বসের। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে হ্যাজার্ড-লুকাকুরা।
কাজানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, ‘ব্রাজিলকে হারানো `বিশেষ’ কিছু। বিশ্বকাপে আমরা ব্রাজিলকে হারিয়েছি; দারুণ একটা স্মৃতি তৈরি করেছি। এখন সেমিফাইনালের জন্য প্রস্তুতি নেব।
শিষ্যদের প্রশংসা করে তার মন্তব্য: আমার বিশ্বাস হ্যাজার্ড-লুকাকুরা দেশেও বিশেষ মর্যাদা পাবেন।
ম্যাচের ১৩ মিনিটে ফার্নান্দিনহো নিজেদের জালে বল জড়ানোর পর ৩১ মিনিটে ডি ব্রুইনের অসাধারণ গোলেই ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বপ্ন উজ্জ্বল করে বেলজিয়ানরা। রোমেলু লুকাকুর বাড়িয়ে দেয়া বলে ব্রাজিল বক্সের ২০ গজ দূর থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল একটা গোল পরিশোধ করলেও বেলজিয়ামের সোনালী প্রজন্মের জয়রথ ঠামাতে পারেনি।
মার্টিনেজ বলেন, ‘ছেলেরা পেরেছে। আপনারা দলটার অবিশ্বাস্য টিম স্পিড দেখেছেন। আপনাকে মানতে হবে ব্রাজিলের দারুণ সব খেলোয়াড় আছে এবং তারা আপনাকে গুঁড়িয়ে দেবে। কিন্তু আমরা সেটা মেনে নেইনি।’
কোচের কৌশল দুর্দান্তভাবে মাঠে প্রয়োগ করেছে জানিয়ে মার্টিনেজের সংযোজন ‘ছক তৈরির বোর্ডে আমি একটা ম্যাচও হারিনি। এটা আসলে প্রয়োগের ওপর নির্ভর করে। ছেলেদের খেলার কৌশল বদলাতে সাহসী হতে হবে এবং এটা করার জন্য আমরা দুই দিন সময় পেয়েছিলাম। তারা কৌশলটা বাস্তবে খাটাতে চেয়েছিল এবং সেটা করে দেখিয়েছে।’








