পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ‘সংগঠিত একটি দল’ মনে হচ্ছে না পেলের কাছে। তাই বিশ্বকাপের আগে নিজের দেশকে নিয়ে তিনি কিছুটা চিন্তিত।
ব্রাজিল এবার প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে। টিটে দায়িত্ব নেয়ার পর ২০ ম্যাচের মাত্র একটিতে হেরেছে দলটি।
কোচের সক্ষমতার প্রশংসা করলেও গোটা দলের হালচাল নিয়ে পেলে খুশি হতে পারছেন না, ‘টিটেকে নিয়ে আমার সর্বোচ্চ আত্মবিশ্বাস আছে। আমার চিন্তা একটি বিষয় নিয়ে; বিশ্বকাপের মাত্র কয়েকদিন বাকি আছে, এখনো আমরা ঠিক হতে পারিনি। ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা সবাই ভালো। কিন্তু দল হিসেবে সংগঠিত নয়।’
ব্রাজিলকে এবার ইনজুরি বেশ ভোগাচ্ছে। ফরোয়ার্ড নেইমার ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়েন। সুস্থ হয়ে দলে ফিরেছেন। ফুল-ব্যাক আলভেজ হাঁটুর ইনজুরির কারণে স্কোয়াডে নেই।
তিনবারের বিশ্বকাপজয়ী পেলে মনে করেন নেইমারই পারেন দলকে চাঙ্গা করতে, ‘নেইমার আমার কাছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। এখন সে অনেক পরিণত এবং অভিজ্ঞ। কিন্তু সে একার জন্য বিশ্বকাপ জিততে যাচ্ছে না। একটা দল হয়ে বিশ্বকাপ জিততে হবে। আর তাকেই সবার আগে এগিয়ে আসতে হবে।’
ব্রাজিল এবার গ্রুপ ‘ই’তে খেলবে। তাদের প্রথম ম্যাচ ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।








