কয়েকদিন আগে নেইমারকে নিয়েই রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ টিটে। তাতেও স্বস্তি মিলছিল না। চোটে লম্বা সময় পুনর্বাসনে থাকা এ সেলেসাও তারকা যে বল নিয়ে কারিকুরি করছিলেন না। তাতে প্রশ্ন বাড়ছিল, আর কতদিন পর পূর্ণ উদ্যমে বলে লাথি দিতে পারবেন নেইমার?
বৃহস্পতিবার সেই প্রশ্নের উত্তরে স্বস্তির খবরই এল প্যারিস থেকে। সেখানে পুরোদমে অনুশীলন শুরু করেছেন ব্রাজিল ফরোয়ার্ড। সঙ্গী ক্লাব পিএসজির সতীর্থরা। নেইমারের অনুশীলনের একটি ছবিও ছড়িয়ে দিয়েছে ফ্রেঞ্চ ক্লাবটি। সেটি এখন কেবল একটি ছবি নয়। পুরো ব্রাজিলের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে খেলতে নেমে চোট পান নেইমার। তার ডান পায়ের পাতায় মেটাটারসাল হাড় ভেঙে যায়। তখন থেকেই খেলার বাইরে। অস্ত্রোপচারের পর পুনর্বাসনে ছিলেন ব্রাজিলে।
পিএসজি কর্তৃপক্ষ বলছে, ২৬ বছর বয়সী তারকা এখন পুরোপুরি ফিটের খুব কাছে। বিশ্বকাপের আগে বাকিটুকুও সেরে উঠবেন।







