চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ ও ভারত। আগের জয়ী ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দুই দল। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।
আগে বোলিং বেছে নেওয়ার পেছনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির যুক্তি, উইকেট খুব ভালো। দ্বিতীয় ইনিংসেও উইকেট একইরকম আচরণ করবে। তাই পরে ব্যাটিংয়ে সমস্যা হবে বলে মনে হচ্ছে না। সকালে কিছুটা মেঘলা আবহাওয়া। প্রথম ঘণ্টায় আমরা সুযোগটা কাজে লাগাতে চাই।
টস পর্বে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, টস জিতলে আগে বোলিংই বেছে নিতেন তিনি। মাশরাফি জানান, বাংলাদেশের কোটি মানুষের স্বপ্নপূরণে তার দলে সর্বোচ্চ চেষ্টা করবে।
এই ম্যাচ দিয়ে ওয়ানডেতে ৩০০ ম্যাচ খেলার মাইলস্টোন পূর্ণ করতে যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। ম্যাচ শুরুর আগে তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্ডিক পান্ডিয়া, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রীত বুমরাহ।








