সচিবালয়ে বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব।
তার সঙ্গে ‘নিখোঁজ’ থাকা ছাত্রদলের আরও দুই নেতা মোহাম্মদ আলী ভূইয়া এবং শাহাবুদ্দিন গাজীকেও গ্রেফতার করেছে র্যাব। সোমবার ফরিদপুরের একটি হাইওয়ে রেস্তোরায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২৫ টি ককটেল, ১৫ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। র্যাবের দাবি, আসন্ন রমজানে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা নিয়ে ঢাকায় আসছিলো আসামীরা।
র্যাবের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল ফরিদপুরের কোতয়ালী থানার তেতুলতলার ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টে অভিযান চালায়। সেসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করে করা হয়। আনিসুর রহমানের হাতে থাকা বাজারের ব্যাগ থেকে ১৫ টি পেট্রোল বোমা এবং মোহাম্মদ আলীর হাতের ব্যাগ থেকে ২৫ টি ককটেল উদ্ধার করা হয়।
আটকের পর তাদের ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামীরা।






