ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার রাতে। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড খেলোয়াড়দের বহনকারী বাসে বোমা হামলার কারণে সেটি একদিন পিছিয়ে হল বুধবার। তাতে হামলার শিকার হওয়ার টাটকা ক্ষত নিয়েই দারুণ লড়েছে বরুসিয়া। অবশ্য ঘরের মাঠে ম্যাচটা জেতা হয়নি। মোনাকোর বিপক্ষে ৩-২ গোলের হারে চ্যাম্পিয়ন্স লিগের সেমির স্বপ্নও এখন প্রশ্নের মুখে জার্মান ডর্টমুন্ডদের।
বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়ার মাঠ সিগনাল ইদুনা পার্কে নামে দুদল। কঠোর নিরাপত্তার মাঝে খেলছেন ফুটবলাররা।
ম্যাচের ১৭ মিনিটে ফ্যাবিয়ানো পেনাল্টি হাতছাড়া করলে এগিয়ে যাওয়া হয়নি মোনাকোর। তবে দুই মিনিট পরই কাইলিয়ান এমবাপ্পের গোলে হোঁচট খায় স্বাগতিকরা।
ম্যাচের ৩৫ মিনিটে বরুসিয়ার কপাল পুড়িয়েছেন স্বাগতিক ডিফেন্ডার স্ভেন বেনডার। এসময় নিজেদের জালেই বল জড়িয়েছে তিনি। তাতে বিরতিতে যাওয়ার আগেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বরুসিয়া।
বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেছেন উসমানে ডেম্বেলে। পরে ৭৯ মিনিটে নিজের জোড়া আর দলের তৃতীয় গোলটি করে বসেন ফরাসি তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। তাতে আরেকবার ধাক্কা খায় স্বাগতিকরা।
ম্যাচের ৮৪ মিনিটে যদিও বরুসিয়ার হয়ে আরেকটি গোল শোধ করেছেন সিনজি কাগাওয়া। কিন্তু ততক্ষণে তিনটি গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোল জমা হয়ে গেছে বরুসিয়ার।
দ্বিতীয় লেগ ১৯ এপ্রিল, মোনাকোর মাঠে। এমন হারের পর প্রায় অসম্ভব এক জয়ই কেবল বরুসিয়াকে সেমির স্বপ্ন দেখাতে পারে।







