ভারতের সঙ্গে বাংলাদেশের একমাত্র টেস্টটি একদিন পিছিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এমন খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই।
পূর্বনির্ধারিত ৮ ফেব্রুয়ারিতে টেস্টটি শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন শুরু হবে ৯ ফেব্রুয়ারি।
টেস্ট পেছানো প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, বেশি দর্শক পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ৮ ফেব্রুয়ারি বুধবার শুরু হওয়ার কথা ছিল টেস্টটি। কিন্তু আমরা বেশি দর্শক পেতে তা বৃহস্পতিবার করা হয়েছে।
নিউজিল্যান্ড সফর শেষে বাংলাদেশ দেশে পৌঁছাবে ২৬ জানুয়ারি। বিরতির পর ফেব্রুয়ারির ১ তারিখ ভারতে পৌঁছাবে বাংলাদেশ দল। ৩ ফেব্রুয়ারি থেকে তিনদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকবে ভারতীয় এ দল।
এর আগে বাংলাদেশ ভারত সফর করেছিল ১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৬ সালে। যদিও সেখানে কোনও টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের।








