বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের সিরিজ সামনে রেখে দারুণ মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রোহিত শর্মা। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ার পাশাপাশি ছক্কার সেঞ্চুরির ক্লাবেও প্রবেশ করার সুযোগ রয়েছে ভারত অধিনায়কের।
ভারতের হয়ে ৫৯ টেস্টের ১০১ ইনিংসে ৮৪ ছক্কা মেরেছেন রোহিত। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় আছেন দুইয়ে। শীর্ষে বীরেন্দ্র শেবাগ। তিনি ১০৪ টেস্টে ১৮০ ইনিংসে ৯১ ছক্কা মেরে অবসরে গেছেন। আর আটটি ছয় মারতে পারলে শেবাগকে টপকে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে চলে আসবেন রোহিত।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে চার ইনিংসে যদি ১৬ ছক্কা মারতে পারেন, তবে রোহিত ছক্কার শতকের ঘরে প্রবেশ করবেন। এপর্যন্ত বিশ্বের তিনজন টেস্টে ১০০টি বা তার বেশি ছক্কা মারতে পেরেছেন। ১৩১ ছক্কা মেরে শীর্ষে আছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
দুইয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামের ছক্কা ১০৭টি, তিনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি ১০০টি ছয় মেরেছেন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে।








