কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের সামনে পড়ে নেইমারকে নিয়ে তটস্থ বেলজিয়াম। দলটির ডিফেন্ডার থমাস মেউনিয়ার তো বলেই দিয়েছেন, এই নেইমারকে আটকানোর পথ তার জানা নেই।
বেলজিয়াম জাপানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও তিন গোল দিয়ে ম্যাচ বের করে নেয়। ওই ম্যাচে প্রথম থেকেই মাঠে ছিলেন মেউনিয়ার।
নেইমারকে বিশ্বসেরা বলে মন্তব্য করে মেউনিয়ার বলেন, ‘আমি জানি না নেইমারকে কীভাবে আটকাতে হয়। তাকে আসলে অনুমান করা কঠিন। আমি যাদের সঙ্গে কিংবা বিপক্ষে খেলেছি তার মধ্যে নেইমারই সম্ভবত সেরা।’
মেউনিয়ার নেইমারের কথা বিশেষভাবে বললেও কৌতিনহো, ফিরমিনহো, জেসাসকে নিয়েও চিন্তিত, ‘তাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টাই করবো। আমি জানি আমাদের সামনে সুযোগ আছে। কিন্তু কাজটা সহজ নয়। কৌতিনহো, ফিরমিনহো, জেসাস, মার্সেলোর মতো খেলোয়াড়রাও দলটিতে খেলবে।’
বেলজিয়াম এখন পর্যন্ত চারটি ম্যাচেই জয় পেয়েছে। তারা গোল করেছে ১২টি। মেউনিয়ার বলছেন, তাদের হারাতে ব্রাজিলের উচ্চমানের ফুটবল খেলতে হবে।








