প্রফেশনাল ক্যারিয়ারে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন করিম বেনজেমা। দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি তারকার নামের পাশে এখন ৪০১ গোল। আর একবার প্রতিপক্ষের জাল খুঁজে নিলেই ট্রিপল সেঞ্চুরি হয়ে যাবে রিয়াল মাদ্রিদ জার্সিতে।
করোনা জর্জরিত হয়ে পড়েছে রিয়াল স্কোয়াড। কার্লো আনচেলত্তিকে হিমশিম খেতে হচ্ছে একাদশ সাজাতে। মাঠের খেলায় সেটির প্রভাব পরতে দেয়নি বেনজেমা। ম্যাচ শুরুর সাত মিনিটেই জোড়া গোল করেছেন। লিগে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ২-১ গোলের জয় তুলেছে লস ব্লাঙ্কোসরা।
এদিন ৯০ মিনিটের ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় শুরুর ১০ মিনিটেই। ম্যাচের চার মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে দুর্দান্ত শটে লিড এনে দেন বেনজেমা। দুই মিনিট পর ফের গোলরক্ষককে বোকা বানান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।
কিছুক্ষণ, দশম মিনিটে গতির এক ফিনিশিংয়ে অ্যাথলেটিককে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ওইহান স্যানসেট। পরে আর গোল আসেনি। বাকি ৮০ মিনিট দু-দল পাল্লা দিয়ে লড়াই চালালেও স্কোর লাইন বাড়েনি।
ম্যাচ শেষে আনচেলত্তি প্রশংসার জোয়ারে ভাসান বেনজেমাকে। আলাদা করে কথা বলেছেন এডেন হ্যাজার্ডকে নিয়েও। বার্নাব্যুতে আসার পর থেকেই সময়টা ভালো কাটছে না ৩০ বছর বয়সী বেলজিয়াম ফরোয়ার্ডের। চোট নিত্যসঙ্গী।
এদিন অবশ্য হ্যাজার্ডের প্রশংসাই করলেন আনচেলত্তি, ‘হ্যাজার্ড ফিরে এসেছে এবং খুব ভালো করছে। সে লড়াকু মানসিকতার। জানে দল তার কাছে কী প্রত্যাশা করে। দলের প্রতি তার নিবেদন আমাকে মুগ্ধ করে।’
ম্যাচে নামার আগে নতুন দুইজনসহ মোট ৮ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানতে পেরেছিল স্প্যানিশ জায়ান্টরা। আশার কথা পরের ম্যাচের আগে অনেকেই ফিরবেন। দুই-তিন জনের করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছে ক্লাবটি।
ভাঙাচোরা দল নিয়েও জয়, আনচেলত্তি বললেন, ‘জয় সবসময় দারুণ কিছু। আমদের এই দলে নিয়মিতরা নেই। কিন্তু তারা যেভাবে পারফর্ম করছে আমি তাতে দারুণ খুশি। নিয়মিতরা দলে যোগ দিলে আমরা আরও ভালো করবো।’
লিগে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল। ১৯ ম্যাচে ১৪ জয় নিয়ে ৪৬ পয়েন্ট তাদের। পরের ম্যাচ নতুন বছরের ২ জানুয়ারি, বড়দিনের ছুটির পর গেটাফের বিপক্ষে।








