বেগম রোকেয়া পদক পেলেন অ্যারোমা দত্ত ও বেগম নূরজাহান

নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পেয়েছেন সমাজকর্মী অ্যারোমা দত্ত ও শিক্ষিকা বেগম নূরজাহান।
শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকসহ দুই লাখ করে টাকা এবং ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম সোনার পদক তুলে দেন।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য অ্যারোমা দত্ত ১৯৮০ সাল থেকে প্রত্যন্ত অঞ্চলে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেন। বর্তমানে বেসরকারি সংস্থা প্রিপ ট্রাস্টের নির্বাহী পরিচালক পদে আছেন তিনি।
অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীন বাংলার পতাকা সেলাই করেন পিরোজপুরের মঠবাড়িয়ার নূর জাহান। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এই নারী শিক্ষকতা করতেন। নারী অধিকার ও মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে নূর জাহান জাতীয় মহিলা সংস্থার কুষ্টিয়া জেলা শাখার নেতৃত্ব দেন দুই দফা।
১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ৩৯ জন নারীকে রোকেয়া পদক দেওয়া হয়েছে।






