প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘আমরা যখন বাংলাদেশের নারীদের দিকে তাকাই, তখন মনে হয় বেগম রোকেয়ার আহ্বান বৃথা যায়নি। আমরা বেগম রোকেয়ার স্বপ্ন বৃথা হতে দেইনি এবং দেবো না।’
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস-২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বেগম রোকেয়া পদক দেন।
এবার বেগম রোকেয়া পদক পেয়েছেন ৫ জন। তারা হলেন- জিনাতুন নেসা তালুকদার, প্রফেসর জোহরা আনিস, শীলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর), রোকেয়া বেগম (মরণোত্তর)।
এসময় নারী জাগরণকে জাগিয়ে তুলতে প্রধানমন্ত্রী বেগম রোকেয়ার উক্তি প্রসঙ্গে বলেন: পুরুষের সক্ষমতা লাভের জন্য আমাদের যা করতে হয় তাই করব, যদি এখন স্বাধীনভাবে জীবিকা অর্জন হলে স্বাধীনতা লাভ হয় তাই করব।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী বলেন: সংসদে নারীদের আসন বৃদ্ধি করে ৫০ করা হয়েছে, এই সংরক্ষিত আসন ছাড়াও নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে।
প্রধানমন্ত্রী বলেন: মেয়েদের কিন্তু কোন বাধা নেই, তারা ইচ্ছে করলেই নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে।







