আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ইনজুরির কারণে দলের বাইরে অভিজ্ঞ পাঁচ খেলোয়াড়। আর তরুনদের নিয়ে গড়া দল নিয়েও লড়াইয়ের কথা বলেছেন নেপাল অধিনায়ক অনিল গুরুং।
৩ সপ্তাহের বেশী সময় ধরে মারুফুল হকের অধীনে বিকেএসপিতে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। লক্ষ্য ২৩ ডিসেম্বর থেকে ভারতের কেরালায় হতে যাওয়া টুর্নামেন্টে ১২ বছরের শিরোপা খরা কাটানো। তারই অংশ হিসেবে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যচের আয়োজন বাফুফের।
ইনজুরি কারনে দলে নেই জামাল ভুইয়া, এমিলি, কৃষ্ণ, কমল ও হিমেল। তারপরও নিজেদের প্রস্তুতিকে ঝালাইয়ের জন্যই এই ম্যাচ।
প্রস্ততি ম্যাচে জয় দিয়ে শুরু করার ব্যপারে নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে জাতীয় দলের বাইরে থাকা সাগর থাপাসহ আরো দুই অভিজ্ঞ খেলোয়াড়ের অনুপস্থিতিতে তরুণদের নিয়ে দল গড়তে হয়েছে নেপালকে। নেতৃত্ব দিচ্ছেন অনিল গুরুং। যার অভিজ্ঞতার ঝুলিতে আছে ২০০৯ তে ঢাকায় সাফ গেমসে বাংলাদেশের বিপক্ষে খেলার।
নেপাল ফুটবল দলের অধিনায়ক অনিল গুরুং আগামীকালের প্রীতি ম্যাচটিকে গুরুত্বের সাথে দেখছেন উল্লেখ করে বলেন, আমাদের এবারের দলটিতে নতুন এবং তরুণ অনেকেই রয়েছেন।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকেল ৫টায়।






