সিলেট থেকে: টসের পরই ড্রেসিংরুমের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন সিলেট সিক্সার্স ও ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা। বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরুর আগে স্বাগত বক্তব্য রাখলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাতে বোর্ড সভাপতির কণ্ঠে ঝরল নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মুগ্ধতা।
‘বাংলাদেশ তো বটেই, পৃথিবীর অনেক স্টেডিয়ামের চাইতেও এটি সুন্দর। ক্রিকেট যেসব জায়গায় জনপ্রিয়, তার মধ্যে সিলেট অন্যতম।’
শুক্রবার সিলেট স্টেডিয়াম দেখে মুগ্ধতার কথা জানান মাশরাফী-সাকিব, মাহমুদউল্লাহ-মুশফিকরাও। এবার বিসিবি সভাপতিও ব্যক্ত করলেন মুগ্ধতার কথা।
স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, সাধারণ গ্যালারি, গ্রিন গ্যালারি, টিলা, ঘন সবুজ বন; যে কাউকেই মুগ্ধ করবে। তবে এখানে দর্শক ধারণক্ষমতা মাত্র ১৮ হাজার। বোর্ড সভাপতি প্রতিশ্রুতি দিলেন স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি একটি একাডেমি স্থাপন করবে বিসিবি। অচিরেই এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ভাবনার কথাও জানান তিনি।
‘সমগ্র সিলেটবাসীকে আমরা খেলা দেখাতে পারছি না। এজন্য আমরা দুঃখিত। ১৮ হাজারের বেশি আসন নেই এখানে। ধারণক্ষমতা যেন বাড়ানো যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এখানে একটা একাডেমি করতে পারলে যেকোনা আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা এখানে করতে পারব।’
আগে থেকেই জানা ছিল এবার কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। উদ্বোধনীর অর্থে এরইমধ্যে দেশের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিসিবি। বিপিএলের পঞ্চম আসরের সাদামাটা পর্দা ওঠানোটা তাই এগোল বিসিবি সভাপতির পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে।








