চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির চার বছরের মেয়াদ। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে আপিল নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগও। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছে বিসিবি। এখন নির্বাচনের পালা। সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর ডাকা হয়েছে এজিএম ও ইজিএম।
সোমবার মিরপুরে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার ছিল। আগামী ৩০ সেপ্টেম্বর এজিএম ও ইজিএমের তারিখ নির্ধারণ করেছি। সে অনুযায়ী যা যা করণীয় সেজন্য পাঁচ সদস্যের একটি কমিটিও করে দিয়েছি আমরা।’
কমিটিতে আছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, বোর্ড পরিচালক এনায়েত হোসেন সিরাজ, লোকমান হোসেন ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।
নাজমুল হাসান বলেন, ‘এজিএম ও ইজিএম যেন ৩০ সেপ্টেম্বর করতে পারি তার জন্য যা যা করণীয় তারা তা-ই করবে।’
একই দিনে বোর্ড সভাপতি ঘোষণা দেন, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুই কোটি টাকা হস্তান্তর করবে বিসিবি।
‘যেহেতু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করতে বড় অঙ্কের একটা অর্থ খরচ হয়, ওখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে- দুই কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করব, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের সহায়তার জন্য।’
শুক্রবার উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জে প্রায় আড়াই হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তেমনিভাবে দেশের আরও কয়েকটি জেলায় ত্রাণ বিতরণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি।
‘আমরা একটা জায়গায় ত্রাণের ব্যবস্থা করেছিলাম, আমরা গিয়েছিলামও। ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা আরও কয়েকটা জায়গায় বোর্ড পরিচালকদের যাওয়ার জন্য বলেছি। সেই জন্য আজ আমরা বাজেট অনুমোদন করেছি।’








