ইউরোপ-আমেরিকাকে হটিয়ে বিশ্ব অর্থনীতিতে শীর্ষে উঠে এসেছে এশিয়ান ধনকুবেররা। অর্থনীতি বিষয়ক ফরাসি বহুজাতিক ব্যবস্থাপনা পরামর্শকারী প্রতিষ্ঠান ‘ক্যাপজিমিনির’ এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির ২০১৫ সালের আর্থিক রিপোর্টে দেখা যাচ্ছে, এই সময়ে এশিয়ান ধনকুবেরদের মধ্যে চীন ও জাপানিদের সম্পদের পরিমাণ ১০ শতাংশ বেড়েছে।
বিশ্বব্যাপী ধনকুবেররা গত বছর প্রায় ৬০ ট্রিলিয়ন ডলার (৪০ ট্রিলিয়ন পাউন্ড) দখল করেছে; যা ৩০ বছর আগের প্রায় চারগুণ। এর পরিমাণ ২০২৫ সাল নাগাদ ১০০ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বলেও জানায় ক্যাপজিমিনি।
ব্যক্তিগত প্রবৃদ্ধিতে এশিয়ায় সংখ্যা সবচেয়ে বেশি। যাদের সম্পদের পরিমাণ নূন্যতম ১ মিলিয়ন তাদেরেই নেয়া হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি দুর্বল সত্ত্বেও চীন ও জাপানে ধনকুবেরদের সংখ্যা বেড়েছে।
উত্তর আমেরিকায় ধনকুবেররা যেখানে ১৬ দশমিক ৬ ট্রিলিয়ন সম্পদের দখলে আছে, সেখানে এশিয়ান সম্পদের পরিমাণ ১৭ দশমিক ৪ ট্রিলিয়ন।
গত বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কম হলেও একক রাষ্ট্রের মোট সম্পদের হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রই। মার্কিনি ধনকুবেরদের সম্পদের পরিমাণ ৪ দশমিক ৪৫ মিলিয়ন ডলার।
ইউরোপিয়ান ধনকুবেরদের সম্পদ বৃদ্ধির হার ৪ দশমিক ৮ শতাংশ। আর রেকর্ড বেকারত্ব সত্ত্বেও ইউরোপিয়ানদের নেতৃত্বে রয়েছে স্পেন। ইউরোপিয়ান ইউনিয়নে থাকা না থাকা নিয়ে উত্তাল ব্রিটেন রয়েছে পাঁচ নম্বরে।
এশিয়া, ইউরো ও আমেরিকায় ধনকুবেরদের অবস্থা ভাল হলেও পিছিয়ে পড়েছে ল্যাটিন আমেরিকানরা। তাদের সম্পদ না বেড়ে বরং ৩-৭ শতাংশ কমেছে। এই মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিলের টালমাতাল অবস্থার জন্যই এই হাল বলে বলেছ ক্যাপজিমিনি।







