রাজনৈতিক কারণে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করার অভিযোগ তুলে বিশ্বকাপে আর্জেন্টিনার বহিষ্কার চেয়েছে ইসরায়েলি প্রতিষ্ঠান কমটেক গ্রুপ। খেলাধুলায় ‘ধর্মীয় বৈষম্য’ আনা উচিত নয় দাবি করে স্পোর্টস জার্সি ধৌতকারী প্রতিষ্ঠানটি হুমকি দিয়েছে ফিফায় মামলা ঠুকে দেয়ারও।
জুনের ৯ তারিখে জেরুজালেমে ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও ফিলিস্তিনের প্রবল আপত্তির মুখে ম্যাচটি বাতিল করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপের মূলপর্বে খেলার আগে এটাই ছিল মেসিদের শেষ প্রস্তুতি ম্যাচ।
সেই ম্যাচের খেলোয়াড়দের জার্সি পরিষ্কার করার দায়িত্ব ছিল কমটেক গ্রুপের। প্রতিষ্ঠানটির দাবি ম্যাচের জন্য এএফএকে ২ মিলিয়ন ডলারও বিনিয়োগ করেছিল তারা। কিন্তু এএফএ ম্যাচ বাতিল করায় ভীষণ ক্ষতি হয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, খুব শীঘ্রই জুরিখে গিয়ে আর্জেন্টাইন অ্যাসোসিয়েশনের নামে মামলা ঠুকে দেবেন তারা। মেসিরা যাতে বিশ্বকাপে না খেলতে পারেন তারও ব্যবস্থা করার হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি।








