বিলুপ্ত প্রায় হোবারা বাস্টার্ড শিকারের অনুমতি পেলো ৩ সৌদি প্রিন্স

আন্তর্জাতিকভাবে সংরক্ষিত অতিথি পাখি হোবারা বাস্টার্ড শিকারের অনুমতি পেয়েছে সৌদি আরবের তিনজন প্রিন্স। পাকিস্তানের কেন্দ্রিয় সরকার হুমকির মুখে থাকা এই পাখি শিকারের অনুমতি দিয়েছে, যার ফলে শিকারের মৌসুমে (১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত) ১০ দিনে ১০০টি হোবারা বাস্টার্ড শিকার করতে পারবে তারা।
তাবুকের গভর্নর প্রিন্স ফাহাদ বিন সুলতান বিন আব্দুল আজিজ আল-সৌদ এবং সৌদি আরবের সাবেক রাজা প্রয়াত সৌদ বিন আব্দুল অাজিজ আল-সৌদের দুই পুত্র প্রিন্স মানসুর বিন সৌদ বিন আব্দুলাজিজ আল-সৌদ এবং তার ভাই প্রিন্স মিশাল বিন সৌদ বিন আব্দুলাজিজ আল-সৌদকে এই অনুমতি দেয়া হয়।
এই গভর্নর ফাহাদের বিরুদ্ধেই ২০১৪-২০১৫ সালে অনুমোদনের সীমা লঙ্ঘন করে প্রায় ২ হাজার ১০০টি হোবারা বাস্টার্ডে শিকারের অভিযোগ উঠেছিলো। বিক্ষোভ এবং বিচারিক হস্তক্ষেপের মুখে পরের বছর আরবদের শিকারের অনুমোদন দেয়া থেকে বিরত ছিলো পাকিস্তান সরকার।
প্রতি শীতেই মধ্য এশিয়া পাড়ি দিয়ে হাজারে হাজারে অতিথি পাখি হোবারা বাস্টার্ড আসে পাকিস্তানে। মূলত উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মরু অঞ্চলে বাস বিপন্ন প্রজাতির এই পাখির, যা শিকারের সুযোগ দিয়ে মধ্যপ্রাচ্যের সাথে পাকিস্তান চালায় সফট ডিপ্লোমেসি। হুমকির মুখে থাকা এই প্রজাতির পাখিটি প্রকৃতি সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন-এর লাল তালিকায় আছে।
একসময় বিপুল সংখ্যায় থাকা হোবারা বাস্টার্ড এখন রয়েছে সাকুল্যে ৫০ হাজার থেকে এক লাখ। পাকিস্তানসহ অধিকাংশ দেশেই এর শিকার নিষিদ্ধ হলেও মধ্যপ্রাচ্যের অভিজাতদের প্রতি বছর এই পাখি শিকারে বিশেষ অনুমোদন দেয়া হয়। ‘এর মাংস যৌন শক্তি বৃদ্ধিতে সহায়ক’ এই বিশ্বাসে বা স্রেফ খেলার ছলে তা শিকার করে তারা।




