ব্রাভো কেন ওয়েস্ট ইন্ডিজ দলে নেই, এই প্রশ্নের উত্তর অবশেষে পাওয়া গেল। দেশটির নির্বাচকরা জানিয়েছেন, ব্রাভো নাকি সম্প্রতি নিজেই বলেছেন তিনি আর দেশের হয়ে খেলতে চান না। তবে ব্রাভোর দাবি, নির্বাচকরা তার কথার ভুল ব্যাখ্যা করছেন। দুই পক্ষের এমন ‘তর্ক’ মূলত বিপিএলের সময় একটি সাক্ষাৎকার ঘিরে।
ব্রাভো চার বছর ধরে ওয়ানডে খেলেন না। বোর্ডের সঙ্গে তার চুক্তিও নেই। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণার সময় উইন্ডিজ বোর্ডের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউন বলেন, ‘ব্রাভোর সঙ্গে যোগাযোগ করা হয়নি। কারণ তিনি নিজেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিকেট না খেলার ইঙ্গিত দিয়েছেন।’
ব্রাভো বলছেন তিনি কখনোই এমনটা বলেননি, ‘চেয়ারম্যান কিংবা বোর্ডের সঙ্গে ছয় মাস ধরে আমার কথা হয় না। বিপিএলের সময় এক সাক্ষাৎকারে আমি অন্য কথা বলেছিলাম।’
‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের সময় এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে ইচ্ছা থাকলেও বোর্ডের সঙ্গে যোগাযোগের অভাবে আমি দেশের হয়ে আবার খেলতে পারছি না। কিন্তু চেয়ারম্যান যেটা বলছেন, সেটা আমি চ্যালেঞ্জ করছি।’
২০১৭ সালের আগস্টেও ব্রাভো এমন পরিস্থিতিতে পড়েছিলেন। সেবার ঘরোয়া ক্রিকেটে খেলার নিয়ম শিথিল করে কয়েকজনকে দলে নেয়া হলেও ব্রাভো বাইরে থাকেন।
ব্রাভো সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে মাঠে নামেন। তিনি এখন অস্ট্রেলিয়ায়। বিগ ব্যাশ লিগ খেলছেন।










