বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের টাইটেল স্পন্সর হয়েছে আবুল খায়ের স্টিল (একেএস)। চতুর্থ আসরেও টাইটেল স্পন্সর হয়েছিল প্রতিষ্ঠানটি। সোমবার দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ সম্মেলনে বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী, মাত্রা’র ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন এবং কে স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ এম এ করিম।
আগামী ৪ নভেম্বর সিলেটে শুরু হবে বিপিএল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে আতিথ্য দেবে সিলেট সিক্সার্স। সন্ধ্যার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।
বিপিএলের এবারের আসর গড়াবে তিনটি ভেন্যুতে। সিলেট পর্ব চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে ঢাকায়। দুই দিন বিরতির পর ২৪ নভেম্বর থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
চট্টগ্রামে ৫ দিনে ১০টি ম্যাচ শেষে ২ ডিসেম্বর বিপিএল আবার ফিরবে ঢাকায়। ১২ ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে জাঁকজমকপূর্ণ আসরটির।
এবারের আসরে সাতটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-ঢাকা ডায়নামাইটস, চিটাগং ভাইকিংস, সিলেট সিক্সার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।








