গ্রামের নাম সোনার পাড়া। তবে গ্রামটি পরিচিত বিদেশী পাড়া বলে। কারণ এই গ্রামের বেশির ভাগ পুরুষ থাকে লন্ডন, সৌদি, কাতার, আবুধাবি, ওমানসহ নানান দেশে। মানে বিদেশে। সেই গ্রামে সুপার শপের মালিক মজনু মিয়া। পুরো গ্রাম জুড়ে ব্যবসা করে মজনু মিয়া। বিদেশী পাড়ার বউ-ঝিদের কাজ মজনু সুপার শপে কেনা কাটা আর গ্রামের পার্লারে যাওয়া। অথচ সেই মজনু মিয়া ব্যতিব্যস্ত থাকে তার সুপার শপের তিন সেলসম্যানকে নিয়ে। কারণ তিনজনই চুরিতে ওস্তাদ।
‘বিদেশী পাড়া’ নামের ধারাবাহিকে সুপার শপের মালিক মজনু মিয়ার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এই প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘সব চরিত্রই মনের মত হয়না। কিছু কিছু হয়। মজনু চরিত্রটি করে বহুদিন পর একটা ভাল কাজ করছি বলে মনে হচ্ছে।’
অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপন এর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। নির্মাতা হিমু আকরাম বলেন, ‘বিদেশী পাড়া আমাদের আশপাশের গল্প। রোজকার দেখা কিছু সুখি আর অসুখি মানুষের গল্প এবং দর্শকদের দেখার মত একটা গল্প।’
পুবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত বিদেশী পাড়ায় অভিনয় করেছেন- চঞ্চল চেšধুরী, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি, ম ম মার্শেদ, দিহান, প্রিয়া আমান, নাদিয়া মিম, তাজিন আহমেদ, শাহনাজ খুশি, এ্যানি খান প্রমুখ।








