‘টাইটানিক’, ‘অ্যাপোলো থার্টিন’, ‘অ্যালিয়েনস’ ছবির অন্যতম তারকা হলিউড অভিনেতা বিল প্যাক্সটন (৬১) আর নেই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত শনিবার মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সম্প্রতি তার দেহে অস্ত্রোপচার করা হয়। এরপর তার নানা শারীরিক জটিলতা তৈরি হয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে।
বিল প্যাক্সটনের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয় এভাবে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিল প্যাক্সটন অস্ত্রোপচারের পর শারীরিক জটিলতার কারণে মারা গেছেন।’

বিল প্যাক্সটনের মৃত্যুর খবর দ্রুত পৌঁছে যায় আজ অস্কার আসরে। খবর শুনে অনেক তারকাই বাকরুদ্ধ হয়ে যান। আবেগ আপ্লুত হয়ে পড়েন জেনিফার অ্যানিস্টোন, জেনিফার গুডউইন প্রমুখ। মৃত্যুর খবর পেয়ে আরনল্ড শোয়ার্জনেগার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় প্রিয় বন্ধু ও সহকর্মী বিলকে স্মরণ করে প্রায় কেঁদে দিয়েছেন।
হলিউডে চার দশক ধরে অভিনয় করেছেন টেক্সাসের এই অভিনেতা। বিল প্যাক্সটন ১৯৭৫ সালে প্রথম অভিনয় করেন ‘ক্রেজি মামা’ ছবিতে। এরপর তিনি ‘টাইটানিক’, ‘দ্য টারমিনেটর’, ‘কমান্ডো’, ‘টুম্ব স্টোন’, ‘ট্রু লাইজ’, ‘টুইস্টার’, ‘অ্যাপোলো থার্টিন’, ‘অ্যালিয়েনস’, ‘দ্য লাস্ট সাপার’সহ অসংখ্য ব্লকব্লাস্টার হিট ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত ছবির সংখ্যা ৬৪। বিল প্যাক্সটন শেষ অভিনয় করেছেন ‘দ্য সার্কেল’ ছবিতে। এই ছবিতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন টম হ্যাংকস ও এমা ওয়াটসন। ছবিটির এখন শুটিং পরবর্তী কাজ হচ্ছে।

বিল প্যাক্সটন টিভি মিনি সিরিজ হ্যাটফিল্ডস ও ম্যাককয়সে অভিনয় করে এমি পুরস্কার লাভ করেন। এইচবিও ড্রামা বিগ লাভে অনবদ্য অভিনয়ের জন্য তিনি গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পান। মৃত্যুর আগে তিনি ইউএস নেটওয়ার্কের সিবিএস–এর থ্রিলারধর্মী টিভি সিরিজ ‘ট্রেইনিং ডে’তে অভিনয় করছিলেন। এখানে তিনি এলএপিটি কর্মকর্তা ডিটেকটিভ ফ্রাঙ্ক রুর্কের চরিত্রে অভিনয় করেন।

গত শতকের আশির দশকে বন্ধুদের সঙ্গে তিনি ব্যান্ড গড়েছিলেন। বেরিয়েছিল অ্যালবামও। তিনি কণ্ঠ দিয়েছেন বিভিন্ন অ্যানিমেশন ছবি আর গেমসে। অভিনয় করেছেন কয়েকটি মিউজিক ভিডিওতে।
তার স্ত্রী লুইস নিউবুরি ও তাদের দুই সন্তান রয়েছে। পিপল, সিএনএন, ভ্যানিটি ফেয়ার।







