৩৩ বছরেই ফুটবলকে ‘বিদায়’ বলে দিচ্ছেন আগুয়েরো

অ্যাগুয়েরো ফুটবল থেকে অবসর গ্রহণের জন্য প্রস্তুত, তার পাশে দলের কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ
সবধরনের ফুটবল থেকে অবসর নিতে চলেছেন সার্জিও আগুয়েরো। হার্টের অসুখের জন্য ‘অকাল’ বিদায়ের সিদ্ধান্তে পৌঁছেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বুধবার ন্যু ক্যাম্পে দেবেন আনুষ্ঠানিক ঘোষণা, স্প্যানিশ সংবাদ মাধ্যমজুড়ে এমন খবর।
৩৩ বছর বয়সী আগুয়েরো বার্সেলোনার ঘরের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলকে বিদায় বলবেন, লিখেছে খেলাধুলার খবরদাতা মাধ্যম মার্কা। অবশ্য ক্লাব বার্সা, জাতীয় দল আর্জেন্টিনা বা আগুয়েরো, কোনো পক্ষ থেকেই খবরটি নিশ্চিত করা হয়নি।
রেডিও মার্কার এক অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিক এমিলিও পেরেজ ডি রোসা জানান, ‘বুধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আগুয়েরো আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানাবেন।’
গত অক্টোবর থেকে হার্টের সমস্যা গুরুতর আকার ধারণ করেছে আগুয়েরোর। ওই মাসের ৩০ তারিখে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদযন্ত্রে ব্যথা অনুভব করেন। একসময় মাঠেই শুয়ে পড়েছিলেন। প্রাথমিক চিকিৎসার পর মাঠ থেকে তুলে নেয়া হয়। নিতে হয় হাসপাতালে। সেই থেকে হার্টের সমস্যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
দেপোর্তিভো ম্যাচের ঘটনার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, পরের তিন মাস সাইডবেঞ্চে কাটাতে হবে আগুয়েরোকে। এরপর তিনি ফের খেলতে পারবেন কিনা সে সিদ্ধান্তে আসা যাবে। কিন্তু ঘটনার একমাস পেরোতেই সম্ভাব্য অবসরের খবর সংবাদ মাধ্যমে আসল।
ম্যানসিটি থেকে এ মৌসুমেই বার্সায় যোগ দেয়া আগুয়েরো চোটের সঙ্গে লড়ছিলেন। বার্সার হয়ে এপর্যন্ত লা লিগায় ৪ ম্যাচে নামতে পেরেছেন। একমাত্র গোলটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে। কাতালানদের হয়ে চ্যাম্পিয়নস লিগেও একটি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা।






