দায়িত্ব ছাড়ার শেষবেলায় ভারতের বিপক্ষে মামলা করার সব রাস্তা ঠিক করে দিয়ে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করার বন্দোবস্ত করেই পিসিবি বসের চেয়ার ছাড়ছেন তিনি।
প্রথমে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। এরপর আইনি নোটিশ। সবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রেজ্যুলুশন কমিটিতে ব্যাপক তর্ক-বিতর্কের পর বিসিসিআইয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবির এই মামলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বোর্ড। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা এল পিসিবির গভর্নিং বডির মিটিংয়ে।
শুক্রবার পিসিবির চেয়ারম্যান হিসেবে শেষবার মিটিং করেছেন শাহরিয়ার। সেখানেই নিজেই মামলা করার বিষয়টি পরিষ্কার করেন। পরে সংবাদ সম্মেলনে সঙ্গে ছিলেন পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠিও।
২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের সঙ্গে ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু এপর্যন্ত একটি সিরিজও তারা খেলেনি। এ কারণেই ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিল পিসিবি। সেটা না পেয়েই মামলা।
শাহরিয়ার বলেন, ‘বোর্ড গভর্নরদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রতিশ্রুতি পূরণ না করায় বিসিসিআইকে চ্যালেঞ্জ করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
‘আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটিতে এই মামলাটি দাখিল করার জন্য আমাদের কিছু বাধ্যবাধকতা পূরণ করতে হয়েছে। যাতে বিসিসিআইকে শুরুতে একটি চিঠি লিখতে হয়েছে, কেন আমরা তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছি সেটা জানিয়ে। এখন সব বাধ্যবাধকতা পূরণ হয়েছে এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত।’ যোগ করেন শাহরিয়ার।
চুক্তি অনুযায়ী ছয়টি সিরিজ না খেলার জন্য ৪৪৭ কোটি রুপি ক্ষতিপূরণ চাওয়া পিসিবির। সেজন্য আগেই বিসিসিআইকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা। কিন্তু ভারতীয় বোর্ডের পক্ষ থেকে কোনও জবাব পায়নি পিসিবি। ২০০৭ সালের পর ভারত পাকিস্তানের বিপক্ষে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। সেটার জেরই এখন মামলা পর্যন্ত গড়াচ্ছে।








