বিচারপতি কাজী এবাদুল হকের ইন্তেকাল
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন

বিচারপতি কাজী এবাদুল হক এর ছবি, তিনি একজন প্রবীণ বিচারপতি, বাংলাদেশে একজন সম্মানিত ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
কাজী এবাদুল হকের জন্ম ১৯৩৬ সালের ১ জানুয়ারি, ফেনী জেলায়। ফেনী শহরে ভাষা আন্দোলনকে সংগঠিত করতে তার অগ্রণী ভূমিকা ছিল। ১৯৫৪ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্বও পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়ে ফেনীতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন এবাদুল হক। পরে ঢাকায় এসে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৬ সালে হাই কোর্টে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
১৯৯০ সালে বিচারক হিসেবে হাই কোর্টে যোগ দেওয়া বিচারপতি কাজী এবাদুল হক বাংলা ভাষায় রায় লিখে নজির সৃষ্টি করেন।
হাই কোর্ট বিভাগে ১০ বছর দায়িত্ব পালনের পর আপিল বিভাগেও তিনি এক বছর বিচারিক দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি সর্বোচ্চ আদালত থেকে অবসরে যান। সাবেক এই বিচারপতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।






