রাজধানীতে স্বাধীনতা দিবসের র্যালি করেছে বিএনপি। মঙ্গলবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্যদিয়ে র্যালিটি শুরু হয়। র্যালি থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্ত করার শপথ নিয়ে শেষ হয়।
র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মালিবাগ মোড় হয়ে পুনরায় নয়াপল্টনে এসে শেষ হয়। এতে আরো যোগ দেয় বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
উদ্বোধনী বক্তৃতায় বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার দীর্ঘ ৯ মাস বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন। আজ ৪৭ বছর পর এসেও সেই নেত্রীকে আবারও কারাগারে বন্দী থাকতে হচ্ছে এ স্বাধীন দেশে। অবৈধ, অনৈতিক সরকারের চক্রান্তে আজ গণতন্ত্রের নেত্রী বন্দী।
ফখরুল বলেন, যে গণতন্ত্র এবং মানুষের অধিকারের জন্য আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজ বন্দি। আজ আমাদেরকে শপথ নিতে হবে। সংগ্রামের মাধ্যমে আমাদের নেত্রী খালেদা জিয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন: আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু আমাদের নেত্রীকে নিয়েই যাবো। একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে, প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। আমাদের সকল নেতাকর্মীর মামলা প্রত্যাহার করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।








