বাল্কহেড-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজনের লাশ উদ্ধার

নদীতে নৌকায় করে মানুষজন পার হচ্ছেন, উদ্ধারকারীরা উপস্থিত, সম্ভবত দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চাঁদপুরে ডাকাতিয়া নদীর মমিনপুর এলাকায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্টলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারে থাকা ১১ জন শ্রমিকের মধ্যে নিহত ৫ জনের মৃতদের উদ্ধার করা হয়েছে। বাকীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। এছাড়াও ট্রলারে থাকা আরও ছয়জন সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হয়।
দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের সাইট দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বাল্কহেড আমাদেরকে সজোরে ধাক্কা দিলে আমাদের ১১জন যাত্রীর মধ্যে ৫জন নিহত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
চাঁদপুরস্থ বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর দু’জনের মরদেহ ভেসে উঠে। পরে একে একে অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।






