তার মাঝে অফুরন্ত সম্ভাবনা দেখেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ক্লাবটির যুব একাডেমি লা মাসিয়াতেও প্রস্তুতির সুযোগ মিলেছিল। অসাধারণ ফুটবল দক্ষতার কারণে তাকিফুসা কুবোর নামই হয়ে গিয়েছিল বার্সা বিস্ময়বালক। এবার আরেকবার বিস্ময় উপহার দিলেন কুবো। মাত্র ১৫ বছর বয়সেই পেশাদার লিগে অভিষিক্ত হয়ে সবাইকে চমকে দিয়েছেন এই জাপানী মিডফিল্ডার।
মাত্র আট বছর বয়সে বার্সেলোনার যুব একাডেমিতে সুযোগ মিলেছিল। সেখানে কাটিয়েছেন চার বছর। মাতৃভূমি জাপানের মূল পেশাদার লিগের দল এফসি টোকিয়োর হয়ে খেলার ডাক পেয়েছিলেন। পরে কনসাডেলো সাপ্পেরোর বিপক্ষে মাঠে নেমেই গড়ে ফেললেন ইতিহাস।
তাকাউরি মরিমতোর পর জাপানের পেশাদার লিগে অভিষেক হওয়া সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হলেন তাকিফুসা কুবে। এত অল্প বয়সে অভিষেকের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও জানালেন কুবো, ‘যখন মাঠে নামি, তখন সমর্থকদের চিৎকারে একটু লজ্জা লজ্জাই লাগছিল। মাঠে নামার পরপরই সবকিছু মাথা থেকে মুছে গেছে। আজকে আমি বুঝতে পারলাম জাপান লিগের প্রতিযোগিতা কতটা কঠিন!’
অভিষেকে দিনটা সবদিক থেকেই দারুণ কেটেছে কুবোর। সাপ্পেরোকে ১-০ গোলে হারিয়েছে তার দল।








