মনোনয়ন গ্রহণ এবং প্রত্যাহারসহ নানা নাটকীয়তা শেষে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভোটগ্রহণ পর্ব। এরমধ্য দিয়ে শেষ হতে চলেছে কাজী সালাউদ্দিন বোর্ডের দীর্ঘ অধ্যায়।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার সকালে বাফুফের সাধারণ সভা শেষে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। শুরুতে তেমন ভোটারদের দেখা পাওয়া না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রার্থী-ভোটারদের সমাগম।
২১ পদের জন্য ৪৬ জন প্রার্থী লড়ছেন জয়ের জন্য। নির্বাচনে ভোট দেবেন ১৩৩ জন কাউন্সিলর। এবার নির্বাচনে সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের।
নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নিবাচিত হয়েছেন ইমরুল হাসান। চারটি সহ-সভাপতি পদের জন্য ৬ জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।
এর আগে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার তারিখ ছিল ১৪ ও ১৫ অক্টোবর। যাচাই-বাছাই হয় ১৬ অক্টোবর। মনোনয়নপত্র নিয়ে প্রার্থীদের আপত্তি থাকলে অভিযোগের সময় ছিল ১৭ অক্টোবর এবং আপত্তির শুনানি ছিল ১৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্ধারিত ছিল ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত। এরপর বাফুফে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২০ অক্টোবর বিকেলে।








