প্রথম দশ ওভারে ৩২। সাউথ আফ্রিকা ২০১৫ বিশ্বকাপের পর এমন শুরু দেখেছে মাত্র একবার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দলটি আরেকবার এমন বাজে শুরুর দিনে হাশিম আমলার (১০৩) বিশ্বরেকর্ডে ভর করে ২৯৯ রানের স্বস্তির স্কোর গড়েছে।
আমলা এদিন ওয়ানডের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ২৫টি সেঞ্চুরি করার নজির গড়েন। আমলার লেগেছে ১৫০ ইনিংস। এর আগে বিরাট কোহলি ১৬২ ইনিংসে ২৫ সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন।
শ্রীলঙ্কা এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ১৩তম ওভারে স্কোরবোর্ডে ৪৪ রান তুলে ফিরে যান ডি কক (২৩)। এরপর শুরু হয় আমলা আর ফাফ ডু প্লেসিসের লড়াই। দুজনে ১৪৫ রান যোগ করেন।
প্লেসিস ব্যক্তিগত ৭৫ রানের মাথায় নুয়ান প্রদীপের বলে সাজঘরে ফেরেন। এই জুটি ভাঙার পরে সাউথ আফ্রিকার কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ভিলিয়ার্স ৪ বলে মাত্র ৪ করে বিদায় নেন। ডেভিড মিলার ২২ বলে করেন ১৮। শেষ দিকে জেপি ডুমিনি ২০ বলে ৩৮ করে অপরাজিত থাকেন। ১৯ বলে ২০ করেন ক্রিস মরিস।
লাসিথ মালিঙ্গা এদিন দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামেন। ১০ ওভার বল করে ৫৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। প্রদীপ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট লাকমাল এবং প্রসন্নর।







