বাছাইপর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি

‘অখেলোয়াড়সুলভ আচরণে’র কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে এই নিষেধাজ্ঞার কবলে পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপ বাছাইয়ে গত বৃহস্পতিবার চিলির বিপক্ষে মেসির বিরুদ্ধে ‘অশ্রাব্য গালি’র অভিযোগ তোলেন লাইন্সম্যান মার্সেলো ফন গাসে। খেলার শেষ সময়ে মেসি তাকে রাগান্বিত কণ্ঠে গালাগালি এবং চিৎকার করেছেন বলে দাবি ফন গাসের।
অভিযোগের তীব্রতা আরো বাড়ে ম্যাচ শেষে অফিসিয়ালদের সঙ্গে মেসির হাত মেলাতে অস্বীকৃতি জানানোর ঘটনায়। তাই আর্জেন্টাইন অধিনায়কের বক্তব্য জানতে চেয়ে দেশটির ফেডারেশনকে নোটিশ পাঠায় ফিফা।
শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তি পাওয়ায় মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ফিফা।
শুধু নিষিদ্ধই নয়। ৮১১১ ইউএস ডলার জরিমানাও করা হয়েছে তাকে।
এই নিষেধাজ্ঞার ফলে মঙ্গলবারের ম্যাচ ছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুর বিপক্ষে খেলা হচ্ছে না পাঁচবারের বর্ষসেরা তারকার।
বাছাই পর্বে আর্জেন্টিনা লাতিন অঞ্চলের টেবিলে তৃতীয় অবস্থানে থাকলেও স্বস্তিতে নেই। পরের দলগুলো অল্প ব্যবধানে নিঃশ্বাস ফেলছে আলবিসেলেস্তাদের ঘাড়ে। বাছাই পর্বে আর্জেন্টিনার ম্যাচ বাকি পাঁচটি। সেখানে মেসিকে চার ম্যাচ পাওয়া না গেলে রাশিয়া বিশ্বকাপের স্বপ্নে বড় ধাক্কাই জুটতে পারে আর্জেন্টিনার।






