ডান হাঁটুর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বাকিটা ও বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। উইন্ডিজ থেকে দেশে ফিরে হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে তার। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে খবরটি প্রকাশ করা হয়েছে।
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে অজিরা। সংক্ষিপ্ত সংস্করণে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ম্যাথু ওয়েড। ফিঞ্চের অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজে নেতৃত্বে দেখা যেতে পারে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকেই।
করোনাকালে ভ্রমণ ও কোয়ারেন্টাইন জটিলতার কারণে ফিঞ্চের পরিবর্তে অন্যকোনো ক্রিকেটার পাঠাবে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরে আগে থেকেই তারা পাচ্ছে না তারকা ক্রিকেটারদের। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্সের পর সেই তালিকায় যোগ হলেন ওপেনার ফিঞ্চ।








