অনলাইনে টিকেট সংগ্রহের ব্যবস্থা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে কেনা যাবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের টিকেট।
যাদের বয়স ১৮ বছরের বেশি, তাদের মাঠে প্রবেশের সময় করোনা টিকার (ডাবল ডোজ) সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
শের-ই-বাংলা স্টেডিয়ামে ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক খেলা দেখতে পারবেন গ্যালারিতে বসে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকেট।
শুক্রবার দুপুর ২টায় মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি।
প্রথমদিন বিক্রির পর যদি কিছু টিকেট অবশিষ্ট থাকে, সেটি ম্যাচের দিন স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে সংগ্রহ করা যাবে। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজে সবশেষ দর্শকরা মাঠে ঢুকতে পেরেছিলেন।
দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে আবারও গ্যালারিতে দেখা যাবে টাইগারভক্তদের গর্জন। সিরিজের বাকি দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর।
টিকেটের দাম: গ্র্যান্ড স্ট্যান্ড (১০০০ টাকা), ভিআইপি স্ট্যান্ড (৫০০ টাকা), ক্লাব হাউস (৩০০ টাকা), উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ( ১৫০ টাকা), পূর্ব গ্যালারি (১০০ টাকা)।







