এক বছরেরও কম সময়ের মধ্যে হোম ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। মিরপুরের হোম অফ ক্রিকেটে শনিবার দুপুর ১টায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ‘প্রান-আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে ওডিআই সিরিজ’র প্রথম ম্যাচ। র্যাঙ্কিংয়ে পেছনে থাকা জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্যের কথা শুনিয়েছেন অধিনায়ক মাশারফি।
ম্যাচ আয়োজনে নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বিসিবি।
অক্টোবরে নিরাপত্তাহীনতার অজুহাতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর এই সিরিজ দিয়েই বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। হোম অফ ক্রিকেটকে ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে। তাই বলে সিরিজ নিয়ে দুই দলের প্রস্তুতিতে কমতি নেই। ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় আত্মবিশ্বাসে ভরপুর দুই অধিনায়ক।
ওয়ানডে র্যাঙ্কিং-এ সাত নম্বরে থাকা বাংলাদেশ চাইছে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার পর আরো একটি সিরিজ জয়। ইনজুরিতে দলের বাইরে সৌম্য, ডেঙ্গু থেকে সেরে মাঠে ফিরছেন অধিনায়ক। অতিথিদের জন্য হোম অফ ক্রিকেট ছেড়ে দিয়ে ম্যাচের আগের দিন ফতুল্লায় ‘টিম-টাইগার্সে’র অনুশীলনে অবাক হয়েছেন অনেকেই।
অন্যদিকে আগের সফরে হোয়াইটওয়াশ হওয়া জিম্বাবুয়ে এবারের সফর শুরু করেছে একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে বিসিবি একাদশকে ৭ উইকেটে হারিয়ে। এই জয়ে মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের মতো তারকাবিহীন এবারের জিম্বাবুয়েকে ভালো করার অনুপ্রেরণা যোগাচ্ছে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে বাংলাদেশ পাবে এক পয়েন্ট, র্যাঙ্কিং-এ থাকবে সপ্তম স্থানেই। আর র্যাঙ্কিং-এ এর দশম জিম্বাবুয়ে সবকটি ম্যাচ জিতলে বাংলাদেশ হারাবে আট পয়েন্ট ও সপ্তম স্থান।






