বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর ঢাকায় হবে দুটি টি-টুয়েন্টি। আসরে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ইস্পাহানি লিমিটেড। সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ।
এবারের হোম সিরিজের নামকরণ করা হয়েছে ‘ইস্পাহানি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২২, পাওয়ার্ড বাই ওয়ালটন।’ রোববার দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেল সিরিজের লোগো উন্মোচন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ, টাইটেল স্পন্সর ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (মার্কেটিং), ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও সিএমও মো. ফিরোজ আলম, টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিং রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের খন্দকার আলমগীরসহ অন্যরা।
আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিনটি ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ও ৫ মার্চ হবে টি-টুয়েন্টি দুটি।







